দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদের প্রথম দিনে মুক্তি পাওয়া কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ঘিরে ইতিবাচক সাড়া পাওয়ার দাবি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তির প্রথম দিনেই রাজধানীসহ বিভিন্ন হলে দর্শকদের উপস্থিতি ও আগ্রহ সন্তোষজনক ছিল। এর ভিত্তিতে আসন্ন ঈদে ছবিটি সবচেয়ে সফল চলচ্চিত্র হবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্স পরিদর্শন শেষে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, “প্রথম দিনের সাড়া প্রত্যাশার চেয়েও ভালো। বিভিন্ন হল থেকে যে রিপোর্ট পেয়েছি, তাতে মনে হচ্ছে ঈদের সেরা ছবি হতে যাচ্ছে ‘মাসুদ রানা’।”
তিনি আরও বলেন, ছবিটির গল্প, গান ও নির্মাণে সমন্বিতভাবে কাজ করা হয়েছে এবং কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট চরিত্রকে পর্দায় উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।
দর্শকদের উদ্দেশে তিনি বলেন, পরিবার নিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানাচ্ছি। কেউ যদি ছবি ভালো না মনে করেন, তাহলে টিকিটে ‘ভালো লাগেনি’ লিখে জাজ মাল্টিমিডিয়ার ঠিকানায় পাঠালে টাকা ফেরত দেওয়ার গ্যারান্টি দেওয়া হবে।
ঈদের প্রথম দিনে তুলনামূলক কম দর্শক উপস্থিতির প্রসঙ্গে আব্দুল আজিজ বলেন, কোরবানির ঈদের প্রথম দিন মানুষ ব্যস্ত থাকায় সাধারণত দর্শক কম থাকে। তবে দ্বিতীয় ও তৃতীয় দিনে হলে দর্শক সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
জে আই